গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক

গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংস্থাটি জানায়, রাতে ছয়তলা ভবনটি ধসে পড়লে নিহতের পাশাপাশি ১৪ জন আহতও হন। উদ্ধারকারীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাও হাতে করে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। একটি ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে জীবিত এক শিশুকে উদ্ধারের দৃশ্য দেখা গেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা নিখোঁজদের সন্ধান ও নিহতদের মরদেহ উদ্ধারে কাজ চলছে। তবে প্রয়োজনীয় ভারী সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভবনটি এর আগে ইসরায়েলি হামলার শিকার হয়েছিল। এতে ভবনটি ফাটল ধরে কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছিল। যুদ্ধের কারণে গাজার হাজারো ভবন ক্ষতিগ্রস্ত বা আংশিক ধ্বংস হয়েছে। একই সময়ে নির্মাণসামগ্রী ও উদ্ধারকাজের প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি প্রবেশেও বিধিনিষেধ রয়েছে।

জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক মানবিক সমন্বয়ক রামিজ আলাকবারভ এ ঘটনায় হতাহত ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মিসর, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের দ্রুত মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এখনও প্রাণ বাঁচানো সম্ভব, প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।