সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে গ্রিক সামরিক সদস্যদের পরিচালিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে গ্রিক নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, সৌদির গুরুত্বপূর্ণ তেল শোধনাগার স্থাপনাগুলোর অবস্থান ইয়ানবু অঞ্চলের বিস্তৃত এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সৌদি সিভিল ডিফেন্স পবিত্র নগরী মক্কা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক, লোহিত সাগর তীরবর্তী জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলীয় তাইফে সাময়িক সতর্কতা জারি করেছিল।

এদিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গ্রিক পরিচালিত এই প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে পঞ্চমবারের মতো যুদ্ধে ব্যবহার করা হলো। এর মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো রক্ষায় ইউরোপীয় মিত্রদের সামরিক ভূমিকা আরও বিস্তৃত হওয়ার বিষয়টি সামনে এসেছে।

সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোর সুরক্ষায় সহায়তার লক্ষ্যে ২০২১ সাল থেকে গ্রিস দেশটিতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি গ্রিক সামরিক সদস্যরা পরিচালনা করে।