জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘ভিত্তিহীন’, প্রত্যাখ্যান করলো আঙ্কারা

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে নিয়ে করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। নেতানিয়াহুর অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে তুরস্ক।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে এক উত্তেজনাপূর্ণ ভাষণে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেন নেতানিয়াহু। একই সঙ্গে আঙ্কারা হামাসের নেতাদের আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া নেতানিয়াহুর ওই ভাষণে শত্রু ও মিত্র- উভয় পক্ষের সমালোচনা করা হয়। তার বক্তব্যের সময় অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। কেউ কেউ নেতানিয়াহুকে উদ্দেশ করে দুয়োধ্বনি ও বিদ্রূপ করেন। অন্যদিকে তার নিজস্ব দলের সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন। এ সময় অধিবেশনের সভাপতি খলিলুর রহমান শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

ভাষণে নেতানিয়াহু বলেন, ‘ইহুদিবিদ্বেষী মিথ্যার সুপার স্প্রেডার হয়ে ওঠা সর্বশেষ দেশ হলো তুরস্ক’। তিনি আরও বলেন, এরদোয়ান একজন স্বৈরশাসক। তিনি হামাসের সন্ত্রাসী নেতাদেরও আশ্রয় দেন।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান নেতানিয়াহুর অভিযোগকে জাতিসংঘের মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন।

আনাদোলুর বরাতে দুরান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ ব্যবহার করে তুরস্ক ও প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ’ তোলা জাতিসংঘের প্রতিনিধিত্ব করা ‘শান্তি, আইন ও সংলাপের আদর্শের’ সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর বক্তব্য ‘গাজায় তার হত্যাকাণ্ড, মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চলমান কার্যক্রমকে অদৃশ্য করে দিতে পারবে না’।

সূত্র: টাইমস অব ইসরায়েল