ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, এটি একেবারেই সঠিক।
আগে পরিদর্শকদের ওপর আরোপ করা বিধিনিষেধের বিষয়ে জানতে চাওয়া হলে এবং এখন তাদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পেজেশকিয়ান বলেন, পরিদর্শকেরা যদি ইরানে এসে পরিদর্শন করতে চান, তাহলে এ বিষয়ে চলমান আলোচনার মধ্যে নির্দিষ্ট কিছু সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব।
একই সঙ্গে, পেজেশকিয়ান দাবি করেন যে ইরান কোনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম। তিনি আরও বলেন, এমনকি ইরানের কেউ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেও চাইত, তবুও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই পথে এগোনোর কোনও অনুমতি তাদের নেই।