শিশুদের নিরাপত্তা নিয়ে মামলা, টিকটকের ১০ কোটি ডলারের সমঝোতা

শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে আলাবামা অঙ্গরাজ্যের করা মামলায় অন্তত ১০ কোটি ডলার পরিশোধে রাজি হয়েছে টিকটক। পাশাপাশি অঙ্গরাজ্যটির কিশোর ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা চালু করবে প্রতিষ্ঠানটি। মামলাটি আদালতে বিচার শুরুর ঠিক আগে এ সমঝোতা হয়েছে।

২০২৫ সালে টিকটকের বিরুদ্ধে মামলা করে আলাবামা। সামাজিক যোগাযোগমাধ্যমটির প্ল্যাটফর্ম শিশু-কিশোরদের মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করা হয়। মামলায় বলা হয়, ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী নির্দিষ্ট কনটেন্ট দেখানোর অ্যালগরিদমসহ টিকটকের ‘আসক্তিকর বৈশিষ্ট্য’ শিশুদের জন্য ক্ষতিকর এবং প্রতিষ্ঠানটি এসব ক্ষতির বিষয়ে জানত।

আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, সমঝোতার আওতায় রাজ্যটি অন্তত ১০ কোটি ডলার পাবে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এই অর্থের পরিমাণ ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

সমঝোতা অনুযায়ী, আলাবামার কিশোর ব্যবহারকারীরা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজানো নয় এমন ফিড বেছে নেওয়ার সুযোগ পাবে। কিশোরদের জন্য প্রসাধনী পদ্ধতি বা সৌন্দর্যবর্ধক ফিল্টার নিষিদ্ধ করা হবে। দৈনিক ব্যবহারসীমা থাকবে দুই ঘণ্টা এবং মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।

এ ছাড়া ১৫ মিনিট টানা ব্যবহারের পর কিশোর ব্যবহারকারীদের ‘উৎপাদনশীল বিরতি’ নেওয়ার জন্য সতর্ক করা হবে। ৬০ ও ৯০ মিনিট ব্যবহারের পরও একই ধরনের বার্তা দেওয়া হবে।

আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল বলেন, এই সমঝোতার ফলে রাজ্যের অভিভাবকেরা সন্তানদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে আরও সুরক্ষা পাবেন। শিশুদের কী দেখানো হবে এবং তারা কতক্ষণ প্ল্যাটফর্ম ব্যবহার করবে, সে বিষয়ে অভিভাবকদের আরও নিয়ন্ত্রণ দেওয়ার কথাও জানান তিনি।

টিকটক আলাবামাকে ক্ষতিপূরণ ও সংশোধনমূলক কার্যক্রমের জন্য ১০ কোটি ডলার দেবে। এই অর্থ শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা ও অন্যান্য কর্মসূচিতে ব্যয় হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্তসংখ্যক অঙ্গরাজ্য টিকটকের সঙ্গে যোগ্য সমঝোতায় পৌঁছালে আলাবামা আরও ১৮ কোটি ৩৮ লাখ ডলার পর্যন্ত পেতে পারে।

আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রধান আইনজীবী ক্যাথরিন রবার্টসন বলেন, শিশু-কিশোরদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের একাধিক প্ল্যাটফর্মের বিরুদ্ধে লড়তে হচ্ছে। টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম শিশুদের আসক্ত করে তুলতে তাদের পণ্য ব্যবহারের ধরন প্রভাবিত করছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক যৌথ উদ্যোগের এক মুখপাত্র বলেন, কিশোরদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা প্রতিষ্ঠানটির অগ্রাধিকার। ব্যবহারকারীদের সৃজনশীলতা, পছন্দের বিষয় আবিষ্কার এবং নিজেদের সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: সিবিএস নিউজ