‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের নতুন পরিকল্পনা দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের দায়িত্ব পালন করলে ইরানও তার প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব পালন করবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত সাক্ষাৎকারের অংশবিশেষে পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতার সঙ্গে সমন্বয় করা হয়েছে’।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এটি গ্রহণ করে এবং নিজেদের দায়িত্ব পালন করলে আমরাও একই কাজ করব। এ বিষয়ে কোনও সমস্যা থাকবে না।

বিশ্বের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রায় সাত মাস ধরে চলা এই সংঘাতের অবসানে দুই দেশের মধ্যে অচলাবস্থা রয়েছে।