শত্রুকে নতুন চমক দেখানোর ইঙ্গিত ইরানি স্পিকারের

ইরানি জাতির প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র হতাশ হয়ে পড়েছে উল্লেখ করে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক পদক্ষেপের সমন্বয়ে ইরান তার শত্রুদের নতুন নতুন চমক দেখানো অব্যাহত রাখবে।

রবিবার ইরানি পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র গণমাধ্যমে নানামুখী কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছে। তবে সময়ক্ষেপণ এবং একপাক্ষিক শর্ত চাপিয়ে দেওয়ার দিন শেষ হয়ে গেছে।

ইরানের অবস্থান ‘সম্পূর্ণ স্পষ্ট ও চূড়ান্ত’ উল্লেখ করে স্পিকার জোর দিয়ে বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে তেহরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

গালিবাফ জানান, মার্কিন কর্তৃপক্ষ বিভিন্ন বৈপরীত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে ইরানের সমাজে বিভ্রান্তি সৃষ্টি ও বিভ্রান্তিকর মানসিক যুদ্ধ পরিচালনা করতে চাচ্ছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দৈনিক টুইট বা সাক্ষাৎকারের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতি নির্ধারণ করে না। তিনি বলেন, আমরা সংবাদমাধ্যমের ফাঁকা বুলি বা মিথ্যা দ্বৈততার ওপর নির্ভর না করে শত্রুর বাস্তব আচরণ ও পদক্ষেপের ভিত্তিতে ব্যবস্থা নিই।

তিনি আরও বলেন, ইরান ‘শক্তি ও বুদ্ধিমত্তা’ কৌশলে পরিচালিত হয়, যেখানে তেহরান আবেগী বা ভীত কোনোটিই হয় না, বরং যুদ্ধ এবং আলোচনা দুটোর জন্যই সমানভাবে প্রস্তুত থাকে।

ইরানি স্পিকার বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে পুরোপুরি উপস্থিত থাকব এবং শত্রুকে নতুন চমকের মুখোমুখি করব। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে এবং ইরানি জনগণের অধিকার নিশ্চিত করতে কূটনীতিকে ব্যবহার করব।

আলোচনার টেবিলে জয়ের বিষয়টিকে সামরিক প্রস্তুতির সঙ্গে যুক্ত করে গালিবাফ বলেন, যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দানে নামে, আলোচনার টেবিলে জয়ী সে-ই হয়।

তিনি আরও দাবি করেন, ইরান ও রেজিস্ট্যান্স ফ্রন্ট এখন তাদের শক্তির সর্বোচ্চ শিখরে রয়েছে এবং দেশটির মধ্যে সর্বোচ্চ রণকৌশলগত সক্ষমতা ও জাতীয় ঐক্য বজায় রয়েছে।

ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির নির্দেশনায় ইরান শত্রুদের কোনও ‘দিবা স্বপ্ন’ বা অলীক কল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন স্পিকার গালিবাফ।

সূত্র: তাসনিম নিউজ