সৌদি আরবে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আরামকোর প্রধান ভবনে আগুন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র প্রধান কার্যালয়ের একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে ‘সীমিত আকারে’ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গভীর রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার প্রতিক্রিয়া জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে রয়টার্সকে একটি কোম্পানির সূত্র জানায়, ধাহরানে আরামকোর প্রধান কার্যালয় কমপ্লেক্সে একটি হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই সূত্র জানায়, কমপ্লেক্সটির একটি অফিস টাওয়ারে আঘাত হানার ফলে সেটির ওপরের তিন তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সূত্রটিসহ বিষয়টি সম্পর্কে অবগত অপর দুই ব্যক্তি জানান, ভবনটিতে আগুন লেগেছিল। এই কমপ্লেক্সে আরামকোর একটি বড় অপারেশন সেন্টার রয়েছে, যা তেল রিগ, পাইপলাইন, শোধনাগার এবং রফতানি টার্মিনালের বিশাল নেটওয়ার্ক তদারকি করে।

ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীর প্রতি রিয়াদের সমর্থনের প্রতিশোধ হিসেবে গত এক সপ্তাহ ধরে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথিরা। এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি হামলার ঘটনা ঘটে, যার মধ্যে গত শনিবারে চালানো একটি হামলায় ১৩ জন নিহত হন। গত এক দশকের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল। এর ফলে দেশজুড়ে ফ্লাইট চলাচল ব্যাহত হয়।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ধাহরানে প্রতিহত ও ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের টুকরো আবাসিক এলাকায় পড়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া রাজধানী রিয়াদ এবং দেশের দক্ষিণাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি সিভিল ডিফেন্স বুধবার জানিয়েছে, রিয়াদে দুটি হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার পর সেগুলোর টুকরো পড়ে চারজন আহত হয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, ওই ধ্বংসাবশেষের কারণে রাজধানীর ১৫টি বাড়ি ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে। আহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও এক শিশু রয়েছে।

এর আগে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার ‘কঠোর ও বেদনাদায়ক’ জবাব দেওয়ার হুমকি দিয়েছিল হুথিরা। দলটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছিলেন, ধাহরানে সৌদি আরামকোর সদর দফতর এবং রিয়াদের একটি তেল শোধনাগার লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়া সৌদি আরবের তেল শ্রমিকদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এমন সাইটগুলো থেকে দূরে থাকার সতর্কবার্তাও দিয়েছিল গোষ্ঠীটি।

এর আগে হুথিরা মঙ্গলবার জানিয়েছিল, সৌদি আরব সানা আক্রমণ করছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট সানার উপকণ্ঠে একটি তেল ডিপো থেকে বেসামরিক লোকজনকে দূরে থাকার সতর্কবার্তা দেয়। হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির সাবাহ সেন্ট্রাল স্টেশনকে লক্ষ্যবস্তু করেছে, যা সানার উপকণ্ঠে অবস্থিত একটি জ্বালানি ডিপো।