এডেনে সন্দেহভাজন হুথি হামলার পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ আছেন বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরইয়ানি জানান, হুথিরা এডেনের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় দুজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার আল জাজিরার সংবাদদাতারা জানান, প্রাসাদের কাছে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে থাকা সহকর্মীদের বরাতে জানানো হয়, দক্ষিণ ইয়েমেনের এডেনে বিস্ফোরণগুলো আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেই ঘটেছে।
ইয়েমেন সরকারের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হুথিরা প্রাসাদ চত্বরের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাশিক প্রাসাদে হামলায় দুজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। মন্ত্রণালয় নিশ্চিত করেছে, প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।