ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নিজেদের ‘পূর্ণাঙ্গ ও সর্বাত্মক’ সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে তাকে যুক্তরাষ্ট্রের জন্য একজন শক্তিশালী অংশীদার হিসেবে অভিহিত করেন।
নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এমনকি খোদ ইসরায়েল থেকে আসা প্রচণ্ড বিরোধিতার মুখেও বিবি (নেতানিয়াহু) শক্তিশালী, সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা রেখেছেন।
তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে যে ধরণের অংশীদার দেখতে চায়, তিনি তেমনই একজন। আসন্ন নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নেতানিয়াহুর প্রতি এই বার্তাটি যেন আমার পূর্ণাঙ্গ ও সর্বাত্মক সমর্থনের স্মারক হিসেবে গণ্য হয়।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার পর এটিই হতে যাচ্ছে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন।
ট্রাম্পের এই সমর্থনের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার অসামান্য সমর্থন ও একসঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে আমাদের লক্ষ্য পূরণ করব!
এর আগে রবিবার নেতানিয়াহু বলেছিলেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের আরও দুই বছর বাকি রয়েছে এবং সব দিক থেকে আমাদের মহান লক্ষ্যগুলো সম্পন্ন করার এটাই উপযুক্ত সময়।
নির্বাচনি লড়াইয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, এই নির্বাচন আমাদের ভবিষ্যতের জন্য চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করবে: এটি হয় ডানপন্থিদের জয় নিশ্চিত করবে, নয়তো ফিলিস্তিন তৈরি করবে।
পোস্টে ইরান প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, তেহরান সামরিক ও সাময়িকভাবে আর্থিকভাবে দুর্বল হলেও তাদের হুমকি এখনও রয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, তেহরান দ্রুত তাদের গতিপথ পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা খুব শিগগিরই কাজটি শেষ করবে।
সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা অন্য কোনও দেশের নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দেওয়া এড়িয়ে চললেও ট্রাম্প এর আগেও বিভিন্ন দেশের নেতাদের পুনর্নির্বাচনে সমর্থন দিয়েছেন।