সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো পাকিস্তান ও মিসর

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবে হামলার আবারও নিন্দা জানিয়েছে পাকিস্তান ও মিসর। রবিবার দেশ দুটি রাজ্যটির প্রতি পূর্ণ সংহতির কথা পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মধ্যে টেলিফোন আলাপে এ বিষয়ে একমত হন দুজন। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তারা সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি সমর্থন এবং পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেন।

তারা আর-৪ (পাকিস্তান, মিসর, তুরস্ক ও সৌদি আরব) কাঠামোর আওতায় সহযোগিতা নিয়েও আলোচনা করেন। পারস্পরিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ইস্যুতে সমন্বয়ের লক্ষ্যে পরবর্তী আর-৪ বৈঠকের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তারা।

আলাদাভাবে ইসহাক দার ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচির সঙ্গেও টেলিফোনে কথা বলেন। তারা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং বাগদাদে চলমান ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেন।

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন দার। দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে একমত হন।