যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ: ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অংশ হিসেবে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম তেহরান সফর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সফরের তথ্য নিশ্চিত করে জানান, দুই দেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ল্যাভরভের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফর সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানান, মস্কোর এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো বড় ধরনের যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকানো।

এর আগে অক্টোবর মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছিলেন, মধ্যস্থতার প্রচেষ্টায় অবদান রাখতে মস্কো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

গত এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সংঘাত থামেনি। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া এই জলপথে অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে নিশানা করছে ইরান, যার জবাবে দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রেখেছে ওয়াশিংটন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাভরভের এই সফরে আলোচনার প্রধান বিষয় হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেআইনি হামলার ফলে সৃষ্ট তীব্র আন্তর্জাতিক সংকট নিরসনের উপায়।

মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, এই যুদ্ধ কেবল নিকটপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।