যে কারণে আকস্মিক রিয়াদ সফরে ফরাসি প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপসাগরীয় সফরের অংশ হিসেবে সৌদি রাজধানী রিয়াদে অপ্রত্যাশিতভাবে পৌঁছেছেন। কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে হুথিদের হামলার পর তার এ সফর অনুষ্ঠিত হলো। সৌদি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এ মাসে ইরানপন্থি ইয়েমেনি হুথিরা সৌদি আরবে হামলা জোরদার করার পর ম্যাক্রোঁই দেশটি সফরকারী প্রথম পশ্চিমা রাষ্ট্রপ্রধান। কাতার থেকে রিয়াদে ম্যাক্রোঁর ফ্লাইটের মধ্য দিয়ে তার উপসাগরীয় সফরের সমাপ্তি ঘটছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরের মাধ্যমে তিনি কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চেয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট জানান, উপসাগরীয় অংশীদারদের কাছ থেকে তিনি বাড়তি জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি আদায় করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ম্যাক্রোঁ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। কার্যালয়ের ভাষ্য, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার মুখে দেশটির প্রতি ফ্রান্সের সংহতি প্রদর্শন এবং হাইড্রোকার্বন সরবরাহ নিরাপদ ও বৈচিত্র্যময় করার প্রচেষ্টা অব্যাহত রাখতেই এ সফর।