সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে নিজেদের স্থাপনা থেকে কিছু কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ বা ১ দশমিক ২৯ ডলার বেড়ে ১১০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বা ৯৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিল। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম ৬৭ সেন্ট কমেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর এই অঞ্চলের অন্যান্য একাধিক কূটনৈতিক স্থাপনা থেকেও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।