লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালির কাছে জুকার দ্বীপের কাছে ১৪ জন ভারতীয় নাগরিককে বহনকারী একটি ইয়টে সৌদি আরব হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, আক্রান্ত ইয়টে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধারে কাজ করছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তিনি বলেন, সৌদি শত্রুপক্ষের এমন বেপরোয়া আচরণ লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ-চলাচলকে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সৌদি শত্রুদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ বন্ধ করতে হবে। তবে এই কথিত হামলায় কোনও হতাহতের খবর বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
এদিকে আল জাজিরা হুথি গণমাধ্যমের বরাতে জানায়, বৃহস্পতিবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ গভর্নরেটের আল-সারারি এলাকায় তিনটি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
অন্যদিকে একই দিনে সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে পৃথক এক হামলায় এক ভারতীয় নাগরিক নিহত এবং দুজন আহত হওয়ার খবর জানিয়েছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। এ হামলায় এক সৌদি নাগরিকও নিহত হয়েছেন বলে জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ভারত সরকার নিজ দেশের নাগরিকদের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে।
তবে ভারতীয় ইয়টে হামলা কিংবা হুথিদের উদ্ধারকাজের দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।
সূত্র: উইয়ন নিউজ