বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কায় জ্বালানি বাজারে তেলের দাম পাঁচ মাসেরও বেশি সময়ের সর্বোচ্চে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৭২ ডলারে ওঠে, যা মে মাসের পর সর্বোচ্চ। ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন-ইসরায়েলি হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, সাবমেরিন ক্যাবল, ডেটা সেন্টার ও এআই স্থাপনায় হামলা চালানো হবে বলে তেহরান জানানোর পর এ দাম বাড়লো।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টরের রিচার্ড হান্টার বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর কূটনৈতিক পথে না গিয়ে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক হামলার কথা ভাবছে, এমন খবরই দাম বাড়াতে যথেষ্ট ছিল। অনেকে মনে করেছিলেন সংক্ষিপ্ত সংঘাত হবে, কিন্তু এখন তা অষ্টম মাসে। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ব্যারেলপ্রতি ৭২ ডলার, কিন্তু এপ্রিলের শেষ নাগাদ তা বেড়ে ১২৬ ডলারে ওঠে।

এ সপ্তাহে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে চারটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে থাকা সৌদি আরব থেকে কিছু কূটনীতিক এবং মার্কিন সরকারি কর্মচারীদের পরিবারকে চলে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানা স্ট্রিটার বলেন, ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের পর ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে আমেরিকান ও ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেওয়া হতে পারে, এমন আশঙ্কা বাড়ছে।

তিনি বলেন, একই সঙ্গে হুথি বিদ্রোহীদের সৌদি আরবের স্থাপনায় হামলা এ সপ্তাহে তীব্র হয়েছে, আর হরমুজ প্রণালি পাড়ি দিতে চাওয়া জাহাজগুলোর জন্য যাত্রা এখনও বিপজ্জনক। এখনও সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।