হেবরনে হামলায় ইসরায়েলি দুই সেনা নিহত

ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, হেবরনে হামলায় তাদের উদ্ধার ইউনিট ব্রিগেডের দুই সেনা নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে সেনাবাহিনী জানায়, নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট রন ইয়োনাথান রয়টম্যান ও সার্জেন্ট ইউভাল শাই সভিলেম। একই ব্যাটালিয়নের আরও তিন সেনা সামান্য আহত হয়েছেন। পোস্টে বলা হয়, সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

অপরদিকে, হেবরনে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় একটি পরিবারের কয়েকজন সদস্যকে আটক ও মারধর করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। 

ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, হেবরনের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এর অংশ হিসেবে একটি পরিবারের একাধিক বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পরিবারের কয়েকজন সদস্যকে আটক ও মারধরের পর তিনজনকে গ্রেফতার করা হয়।

হেবরনে সামরিক অবরোধ জারি করেছে ইসরায়েলি বাহিনী। শহরটির প্রবেশ ও বের হওয়ার সব পথ লোহার ফটক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।