মক্কা-জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা, কয়েক মিনিটেই প্রত্যাহার

ইসলামের পবিত্র নগরী মক্কাসহ দেশের পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে হঠাৎ ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, তা জানানো হয়নি। কয়েক মিনিটের মধ্যেই সতর্কতাগুলো প্রত্যাহার করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

এই সতর্কবার্তার আওতায় ছিল লোহিত সাগর তীরের প্রধান শহর জেদ্দা, নিকটবর্তী তায়েফ এবং উপকূলীয় জ্বালানি খাতের প্রধান কেন্দ্র ইয়ানবুও। 

সতর্কতা জারির পর বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছিল বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সঙ্গে সংশ্লিষ্ট ছবি বা তথ্য প্রচারের বিরুদ্ধে আইনি সতর্কতাও পুনর্ব্যক্ত করে সংস্থাটি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বারবার হামলার শিকার হয়েছে সৌদি আরব। ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে সক্রিয় হয়ে ওঠার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে।