‘মাত্র এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া সম্ভব’

ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ও সংসদ সদস্য ইব্রাহিম আজিজি বলেছেন, ভুলের মাশুল হিসেবে মাত্র এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে সম্পূর্ণ  গুঁড়িয়ে দেওয়া বা বসবাসের অযোগ্য করে দেওয়া সম্ভব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কেবল একটি ভুল হিসাবই যথেষ্ট আর তাতেই এক ঘণ্টার কম সময়ের মধ্যে দখলকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

ইব্রাহিম আজিজি তার এই হুঁশিয়ারিমূলক বার্তাটি হিব্রু, ইংরেজি এবং ফার্সি এই তিন ভাষায় প্রকাশ করেছেন।

হিব্রু ভাষার পোস্টে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও পোস্ট করেন। ইসরায়েলি সামরিক বাহিনীর এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেছিলেন: এই হুমকি চিরতরে দূর করার একটাই উপায়- ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো। আর এটিই ইসরায়েলি সেনাবাহিনী, মোসাদ এবং আমাদের নিরাপত্তা বাহিনীকে দেওয়া আমার নির্দেশ।