ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবশেষে বিমান চলাচল শুরু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালের দিকে রিয়াদ বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে একটি বিমান উড্ডয়ন করেছে বলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার নিশ্চিত করেছে।
গ্রীষ্মকালে বহুবছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের স্বীকৃত সরকার হুথিদের একের পর এক হামলার মুখোমুখি হয়েছে। চলতি মাসে রিয়াদ বিমানবন্দরে হুথিদের এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হন, যা বিগত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক রুটে জাতীয় বিমানসংস্থাগুলোর ফ্লাইট চালুর জন্য টার্মিনাল ১ ও ২ নির্ধারণ করা হয়েছে।
তবে ফ্লাইট চালুর পরপরই বিমানবন্দরটি এখনও ‘অনিরাপদ’ ও ‘সামরিক লক্ষ্যবস্তু’ বলে হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় এয়ারলাইন্সসহ তাদের কর্মী ও যাত্রীদের রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করার জন্য সতর্ক করছে। এটি একটি অনিরাপদ স্থান এবং আমাদের বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু।
তিনি আরও বলেন, বিমানবন্দরে যেকোনও কার্যক্রম পরিচালিত হলে তার দায় সৌদি শাসনগোষ্ঠীকেই নিতে হবে।
এদিকে রবিবার সকালে রিয়াদ অঞ্চলে হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।