‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের

ইসরায়েলে সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকের দলগুলোকে আরব দলগুলোর সঙ্গে অংশীদারত্ব করার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান। একই সঙ্গে এই যৌথ জোটে সংখ্যাগরিষ্ঠ আসন থাকবে বলে উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গোলান লিখেছেন, ‘নেতানিয়াহু হেরে গেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৫৫-এর চেয়ে ৬৫ বেশি। ইসরায়েলি গণতন্ত্র এভাবেই কাজ করে’।

ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের উপপ্রধান আরও বলেন, বাস্তবতা আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয়: আমরা যদি ভয় পাওয়া বন্ধ না করি, তবে এখানে আমাদের কোনও ভবিষ্যৎ নেই। আমাদের বর্ণবাদও বন্ধ করতে হবে। নেতানিয়াহুর ইহুদি ও আরব ভোটের বর্ণবাদী বিভাজন আমরা আর মেনে নেব না।

ইহুদিবাদ বা জায়নবাদ প্রসঙ্গে গোলান লিখেছেন, নেতানিয়াহুর ব্লকে অ-জায়নবাদী হারেদি দলের ১৬ জন নেসেট সদস্য রয়েছেন। তাদের দলগুলো ব্যাপকভাবে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়িয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়, অথচ তাদের সন্তানদের বয়সী অন্যরা লড়াই করছেন এবং প্রাণ হারাচ্ছেন।

তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি কেবল জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতার হিসাব করতে চান, তাহলে তাকে প্রথমে নিজের জোট থেকে অ-জায়নবাদী হারেদি দলগুলোর ১৬ জন সদস্যকে বাদ দিতে হবে। তারা জায়নবাদ নিয়ে অন্যদের উপদেশ দিতে পারেন না।

গোলান উল্লেখ করেন, পরিবর্তনের পক্ষে থাকা জোটে জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে; ৪৯ আসনের বিপরীতে ৩৯ আসন। একইভাবে ইসরায়েলি সংখ্যাগরিষ্ঠতাও রয়েছে; ৫৫ আসনের বিপরীতে ৬৫ আসন।

ভয় বন্ধ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটস নেতা বলেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে। আর ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্ব করে পরিবর্তনের সরকার গঠনের সুযোগও আমাদের হাতে রয়েছে- যে সরকার সমস্ত ইসরায়েলি নাগরিকের সেবা করবে। এখন আমাদের সাহস প্রয়োজন। এর জন্য নেতৃত্ব দরকার।

এদিকে ভোট গণনা চলার মধ্যে নেতানিয়াহুর জোট ৫৬টি আসন, গাদি আইজেনকোটের ইয়াশার নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৬টি আসনে রয়েছে।