ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি গোষ্ঠীর মধ্যে তাইজের দক্ষিণে একাধিক ফ্রন্টে সংঘর্ষ আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেন টুডে টিভির বরাতে এ খবর জানা গেছে। টিভি চ্যানেলটি জানায়, আল-আকরুদ ও আল-মাসরাখ ফ্রন্টে এবং সাবির আল-মাওয়াদিম জেলার আল-রাহন গ্রামে লড়াই নতুন করে শুরু হয়েছে।

এদিকে এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। বিমানবন্দরে হামলার হুমকি দেওয়ার পর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বিমানবন্দর ও আশপাশের এলাকা।

বুধবার বিমানবন্দর-সংলগ্ন আল-নাসর ক্যাম্পে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান। ক্যাম্পটিতে ইয়েমেনের কোস্ট গার্ড বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতর রয়েছে। পরে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে বেসামরিক মানুষ আহত হয়েছেন এবং বস্তুগত ক্ষতি হয়েছে।

হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভির বরাতে জানা যায়, পরিকল্পিত হামলার আগে বিমানবন্দরে থাকা মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এ আহ্বানের পরই এ ঘটনা ঘটে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও আরও কয়েকটি প্রদেশ দখলের পর থেকে যুদ্ধ চলছে ইয়েমেনে। ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট হস্তক্ষেপ করে।

সূত্র: আনাদোলু এজেন্সি