ইরানে মার্কিন হামলার খবরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেল প্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪৭ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে শেষ হয়েছিল। বাজারের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ দশমিক ৭৭ ডলারে নেমে আসে। তবে মঙ্গলবারের নতুন এই দরবৃদ্ধি সেই পতনের পর পরিলক্ষিত হলো।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের মধ্যে কয়েকজন এই হামলাকে ‘প্রতিরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাবি, হরমুজ প্রণালিতে যাতে ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর স্বাধীনতা না পায়, তা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।