যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার ঘটনাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম। গাজায় ইসরায়েলের নীতি ও মার্কিন সামরিক সহায়তার তীব্র সমালোচক ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের বিজয়ে ট্রাম্প প্রশাসনের বাকি দুই বছরে ওয়াশিংটন-ইসরায়েল সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। এই ফলকে তারা ‘নীল সুনামি’ হিসেবে বর্ণনা করছে।
গভীর উদ্বেগ তৈরি করেছে নির্বাচনের ফল: মারিভ
ইসরায়েলি সংবাদপত্র মারিভ তাদের ওয়েবসাইটের প্রতিবেদনে শিরোনাম করেছে: একমাত্র ট্রাম্পই হেরেছেন এমন নয়; নির্বাচনের এই ফল ইসরায়েলে গভীর শঙ্কা তৈরি করেছে।
সংবাদপত্রটি উল্লেখ করে, ডেমোক্র্যাটদের জয়ের ফলে কংগ্রেসের অভ্যন্তরে ওয়াশিংটনের ইসরায়েল নীতি পরিবর্তনের একটি ধারা শক্তিশালী হবে।
প্রতিবেদনে বিশেষভাবে মেইনে অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসনের বিজয়ের কথা উল্লেখ করা হয়, যিনি ১৯৯৭ সাল থেকে আসনে থাকা প্রখ্যাত ইসরায়েল সমর্থক রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সকে পরাজিত করেছেন। জ্যাকসন তার প্রচারণায় ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
মারিভ জানায়, এটি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল নীতি বদলাতে ডেমোক্র্যাটিক পার্টির ওপর চাপ বাড়াবে।
ট্রাম্পের জন্য অপমানজনক পরাজয়: ইয়েদিওথ আহরোনথ
ইয়েদিওথ আহরোনথ পত্রিকা শিরোনাম করেছে: ট্রাম্পের অপমানজনক পরাজয়: ঐতিহাসিক নীল সুনামিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট ডেমোক্র্যাটদের দখলে।
পত্রিকাটি উল্লেখ করে, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলো দখল করে নেওয়ায় ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার হাত পা বেঁধে ফেলার সুযোগ তৈরি হয়েছে। ফলে ট্রাম্প প্রশাসন একটি দুর্বল সরকারে পরিণত হতে যাচ্ছে।
নতুন কংগ্রেস ইসরায়েলের প্রতি আরও সমালোচনামূলক হবে: ইসরায়েল হাইওম
ইসরায়েল হাইওম পত্রিকা বলেছে, রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করায় এবং ডেমোক্র্যাটদের হাতে বিচারক, রাষ্ট্রদূত ও শীর্ষ কর্মকর্তা নিয়োগ আটকে দেওয়ার ক্ষমতা চলে যাওয়ায় ইসরায়েল এখন একটি চরম সমালোচনামূলক কংগ্রেসের মুখোমুখি হবে।
ট্রাম্প চলতি বছরের শেষে ইসরায়েলকে বাৎসরিক সহায়তা বন্ধ করার ঘোষণার বিষয়ে পত্রিকাটি মনে করিয়ে দেয় যে, ইসরায়েলি তহবিলের কেনাকাটাও কংগ্রেসের নজরদারিতে থাকবে। এ ছাড়া প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার অন্তত পাঁচজন সদস্য থাকবেন, যার মধ্যে দারিওলাইজা অ্যাভিলা শ্যাভালিয়ার মঙ্গলবারে স্পষ্ট বলেছেন, সামরিক সহায়তা বন্ধ করাই যথেষ্ট নয়।
বড় আঘাত: চ্যানেল ১৪
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডানপন্থি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ নির্বাচনের ফলকে ‘ট্রাম্প ও ইসরায়েলের জন্য বড় আঘাত’ বলে অভিহিত করেছে। তাদের মতে, পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংক্রান্ত কমিটির প্রধান পদগুলো ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ায় অস্ত্র চুক্তি ও চালানের ওপর নজরদারি কঠিন হবে এবং ইরানের বিরুদ্ধে সামরিক নীতির বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়বে।
সূত্র: আনাদোলু এজেন্সি