বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের আগে কয়েক ঘণ্টায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জারি করে। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় মন্ত্রণালয়। তবে হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফার্সে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি এখনও বন্ধ রয়েছে। জলপথটিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে এ দাবি করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের যেকোনও আগ্রাসনের জবাবে আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ইরানের হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।