একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা আনলো ইরান, দেখালো ‘মিসাইল সিটি’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা দিতে উন্নত ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা প্রদর্শন করেছে ইরান। এর অংশ হিসেবে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন উৎক্ষেপণব্যবস্থা সামনে এনেছে দেশটি। শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়।

আইআরআইবির তথ্য অনুযায়ী, নতুন উৎক্ষেপণব্যবস্থাটি একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা, নির্ভুলতা ও জিপিএসনির্ভরতা ছাড়াই লক্ষ্য নির্ধারণের সক্ষমতা বেড়েছে।

গত ১০ নভেম্বর নতুন ভূগর্ভস্থ সামরিক স্থাপনার ঘোষণা দেয় আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনী। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এসব স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন ও মজুত রাখা সম্ভব। ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের লাইনও ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবারের ফুটেজে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ এবং শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণব্যবস্থা দেখা গেছে।

তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল সারদার বলেন, পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণব্যবস্থা রয়েছে- বাইরের বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে আইআরজিসি। যুদ্ধ আবার শুরু হলে এসব সক্ষমতা কাজে লাগানোর ইঙ্গিতও দিচ্ছে তারা।

লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ডের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সামরিক সক্ষমতা প্রদর্শনে আরও আত্মবিশ্বাসী হয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের তেল রফতানি ব্যাহত হওয়ায় দেশটির অর্থনীতির ওপর চাপ বাড়ছে। তিনি বলেন, ইরানের অর্থনীতি ইতোমধ্যে মন্দার মধ্যে রয়েছে। বর্তমানে দেশটি থেকে খুব সামান্য, এমনকি কোনও তেলই রফতানি হচ্ছে না।

সূত্র: আল জাজিরা