বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান

যেকোনও সময় এবং যেকোনও স্থানে উদ্ভূত হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইজাদি বলেন, কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই আমরা যেকোনও মাত্রার এবং যেকোনও ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেব।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। শত্রুরা দাবি করেছিল যে তারা বিপ্লবী গার্ডসহ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে... কিন্তু শত্রুদের কোনও পরিকল্পনাই সফল হয়নি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চলমান এই অচলাবস্থাকে গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুদ্ধও নয়, শান্তিও নয় এমন এক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন।