তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এর মাত্র ১২ দিন আগে একই ধরনের আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন।  

এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ উড্ডয়নের সময় আমাদের বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন বীর সহযোদ্ধা নিহত হয়েছেন। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিমানবাহিনীর একটি ‘এএস-৫৩২’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ মিশনের সময় দুর্ঘটনার কবলে পড়েছে।

‘এএস-৫৩২ কুগার’ হলো ফ্রান্সের তৈরি একটি সৈন্য পরিবহনকারী হেলিকপ্টার। ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। টেলিভিশনে প্রচারিত ফুটেজে প্রদেশের তেপেবাশি জেলার কাছে একটি বিস্তীর্ণ খোলা মাঠে জরুরি উদ্ধারকারী যানবাহন অবস্থান করতে দেখা গেছে।

এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে একটি এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সেনা নিহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত অজানা এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ন্যাটো সামরিক জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুরস্কের। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনারা আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে। তবে ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার মাধ্যমে কুর্দি বিদ্রোহের অবসান ঘটায় তুরস্ক বর্তমানে নিজ ভূখণ্ডে কোনও যুদ্ধে লিপ্ত নেই।

সূত্র: এনডিটিভি