রাতের বেলা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সমুদ্র সৈকতে ঘুরতে গেলে মাঝেমধ্যে এক জাদুকরী ও অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। তীরে আছড়ে পড়া ঢেউগুলো যেন উজ্জ্বল বৈদ্যুতিক নীল আলোর রেখা তৈরি করে, যা মুহূর্তের মধ্যেই আবার মিলিয়ে যায়।
দেখতে কোনও কল্পবিজ্ঞান বা ফ্যান্টাসি সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এর পেছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে ‘বায়োলুমিনেসেন্স’ বা ‘সি স্পার্কল’ (সমুদ্রের ঝিলিক) বলা হয়। মূলত সমুদ্রের অতি ক্ষুদ্র অণুজীবের শরীরের ভেতরে ঘটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এই আলোর সৃষ্টি হয়।
সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় জলরাশিতে এই নীল আলোর পেছনে মূলত ‘নকটিলুকা সিনটিলানস’ নামক এক ধরনের ক্ষুদ্র সামুদ্রিক অণুজীব দায়ী, যা ডাইনোফ্ল্যাজেলেট গোত্রের অন্তর্ভুক্ত।
যখন সমুদ্রের ঢেউ ভাঙে বা পানিতে কোনও ধরনের আলোড়ন তৈরি হয়, তখন এই অণুজীবগুলো আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে ক্ষণস্থায়ী নীল আলোর ঝলকানি ছড়ায়। এর ফলেই রাতের অন্ধকারে সৈকতের তীরজুড়ে পানিতে এমন মায়াবী নীল আভা জ্বলজ্বল করতে দেখা যায়।
সূত্র: গলফ নিউজ