শীত আসছে, ‘এক ঘনফুট গ্যাসও’ অপচয় না করার আহ্বান পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের গ্যাসের এক ঘনফুটও যথাযথ কাজে ব্যবহার না করে পোড়ানো যাবে না। আসন্ন শীতে জ্বালানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে তিনি এ নির্দেশনার কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তেল মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন পেজেশকিয়ান। এ সময় তিনি বিদ্যুৎ, গ্যাস, পেট্রল ও জ্বালানির সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেন।

শীতের সময় উৎপাদন খাতের জ্বালানি সরবরাহ যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতেই এ উদ্যোগের কথা বলেন তিনি।

ইরান বর্তমানে তীব্র জ্বালানি সংকটে রয়েছে। শীত আসার আগেই দেশটির বিভিন্ন এলাকায় দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ব্যবস্থা চালু করা হয়েছে।