মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার

ইরানের প্রখ্যাত মানবাধিকারকর্মী ও অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার রাজধানী তেহরানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন মাহমুদিয়ানের এক বন্ধু ও ইউরোপভিত্তিক এক মানবাধিকারকর্মী। তার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলেও আটকের বিষয়টি জানানো হয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় বলা হয়, বুধবার বাড়ি থেকে তাকে আটক করার সময় তার ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার পরে দেওয়া আরেকটি বার্তায় জানানো হয়, সরকারবিরোধী ‘প্রোপাগান্ডা’ এবং ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদও বুধবার তার আটকের খবর প্রকাশ করে।

মাহমুদিয়ানের বন্ধু ও ইউরোপে অবস্থানরত ইরানি মানবাধিকারকর্মী হোসেইন রাজ্জাক এপিকে বলেন, বুধবার রাত ২টা থেকে ৩টার দিকে মৃত্যুদণ্ডসংক্রান্ত একটি মামলা নিয়ে মাহমুদিয়ানের সঙ্গে তার সর্বশেষ ফোনে কথা হয়। মামলাটি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট।

রাজ্জাক জানান, এরপর মাহমুদিয়ান ফোন ধরছিলেন না। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানতে পারেন, এক ডজনের বেশি সশস্ত্র কর্মকর্তা মাহমুদিয়ানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং তার ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে যান। আটকের সময় তাকে গুরুতর মারধর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

রাজ্জাকের তথ্য অনুযায়ী, মাহমুদিয়ানকে রাজধানীর বাইরে অবস্থিত গ্রেটার তেহরান পেনিটেনশিয়ারিতে রাখা হয়েছে।

২০২২ সালে ২২ বছর বয়সী মাহসা আমিনিকে হিজাব যথাযথভাবে না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের গ্রেফতারের পর তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কয়েক মাস ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভ দমনে সরকারের অভিযানে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আটক হন।

সূত্র: এনডিটিভি