বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন জানান, ছুটি কাটাতে যাওয়া দশ শিশু ঝড়ে নৌকাডুবিতে পানিতে ভেসে গেছে। চিকিৎসক ও মনোবিদদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আরেকটি সূত্রের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, হ্রদটিতে প্রায় ৫০ জনের একটি গ্রুপ ভ্রমণে গিয়েছিলেন। এদের মধ্যে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
উদ্ধার অভিযানে নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। মস্কো থেকে ছুটি কাটাতে গিয়ে এসব শিশুরা নৌকাডুবির কবলে পড়েন। এসব শিশুদের বয়স ১২-১৫ বছর।
নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১২ বছরের এক মেয়ে রবিবার নৌকাডুবির ঘটনা জানায়। ইউলিয়া নামের মেয়েটি জানায়, তারা দুটি নৌকায় ভ্রমণ করছিল। ঝড় শুরুর পর পাথরে ধাক্কা খেয়ে নৌকা উল্টে যায়। অচেতন অবস্থায় পানিতে ভেসে সে তীরে ভেড়ে। রবিবার তার জ্ঞান ফেরে। এরপর সে হেঁটে কুদামা গ্রামে পৌঁছায়।
সে আরও জানায়, গ্রামে যাওয়ার পথে সে রক্তেভেজা এক ছেলেকে জীবিত দেখতে পায়। ছেলেটি নড়াচড়া করতে পারছিল না। গ্রামে পৌঁছার পর গ্রামবাসীরা পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়।
রাশিয়ার তদন্ত সংস্থা স্লেডকম এর মুখপাত্র ভ্লাদিমির মারকিন জানান, নিরাপত্তা বিধি ভঙ্গ করায় এক প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় এমপি আলেক্সেই গাব্রিলব জানান, ঝড়ের পূর্বাভাসের কথা বিবেচনা করে হ্রদে নৌকা ভ্রমন না করতে বারবার সতর্কতা জারি করা হয়েছিল। সূত্র: বিবিসি।
/এএ/