ভূমধ্যসাগর থেকে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলার ভিডিও

গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় জঙ্গিদের ওপর ভূমধ্যসাগর থেকে মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। শুক্রবার সকালে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে দুটি জাহাজ থেকে এ ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, সারপুখব ও জেলেনি ডল যুদ্ধ জাহাজ থেকে তিনটি দূরপাল্লার ক্রুস মিসাইল স্থানীয় সময় ১০টা ৫৫মিনিটে ছোড়া হয়। আল-কয়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী জাবাত ফাতাহ আল-শাম (নুসরা ফ্রন্ট)-কে লক্ষ্য করে এসব মিসাইল ছোড়া হয়।

 

মিসাইল হামলার তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিসাইল হামলায় দারেত আজ্জেহ এলাকায় জঙ্গিদের একটি ঘাঁটি এবং আলেপ্পো প্রদেশে একটি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে।

ইরানের ভূখণ্ড ব্যবহার করে সিরিয়ায় জঙ্গিদের লক্ষ্য করে বিমান পরিচালনার পর ভূমধ্যসাগর থেকে মিসাইল হামলা চালালো রাশিয়া। গত তিনদিন ধরে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

এর আগে কাস্পিয়ান সাগরে অবস্থিত রুশ যুদ্ধ জাহাজ থেকে সিরিয়ায় ক্রুজ মিসাইল হামলা চালানো হয়েছিল। সিরীয় জঙ্গিদের লক্ষ্য করে সাবমেরিন থেকেও মিসাইল হামলা চালানো হয়েছিল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক রাশিয়া। আসাদের সমর্থনে বিদ্রোহীদের দমনে গত বছর থেকে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধে কেউ কেউ ১৫ লাখ প্রাণহানির কথা বললেও এ বছর এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ৪ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা জানান সিরিয়ায় নিযুক্ত আরব লীগ ও জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন মিস্তুরা। চলমান গৃহযুদ্ধ ঘরহারা করেছে আরও লাখ লাখ মানুষকে। সূত্র: ন্যাশনাল পোস্ট।

/এএ/