রাশিয়ায় বাথ লোশন পান করে বিষক্রিয়ায় ৩৩ জনের মৃত্যু

nonameরাশিয়ার ইরকুতস্ক নগরীতে বাথ লোশন পান করে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। গোসলের এই তরল উপকরণটির মধ্যে বিষাক্ত অ্যালকোহল ছিল। মোট ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই কোমায় চলে গেছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

রাশিয়ার তদন্তকারী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহান্তে তরলটি পান করে ৫৩ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৩৩ জন মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রব্যটির গায়ে এটি খাবার অনুপযোগী বলে সতর্কবার্তা লেখা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোশনটিকে ‘অ্যালকোহল হিসেবে খাওয়া হয়েছে।’

তদন্ত কর্মকর্তারা জানান, দ্রব্যটিতে বিষাক্ত মিথানল রয়েছে। এটি পানিকে বরফে জমাট বাঁধতে দেয় না।

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে এবং যেসব স্থানে এই প্রাণঘাতী জিনিষ বিক্রি হয় সেসব স্থানে তল্লাশী চালানো হচ্ছে।

বিষক্রিয়ায় আহত ও নিহত ব্যক্তিরা ইরকুতস্ক নগরীর একই এলাকার বাসিন্দা। তবে তারা একসঙ্গে এ বাথ লোশন পান করেননি। তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ এবং বয়স ৩৫ থেকে ৫০ এর মধ্যে।

রাশিয়ায় মদের সঙ্গে বিষমিশিয়ে প্রাণহানীর ঘটনা প্রায়ই ঘটে। ইরকুতস্কের ঘটনাটি বিষক্রিয়ায় এ বছর সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা। সূত্র: রাশিয়া টুডে।

/এএ/