রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ রেল স্টেশনে একটি বিস্ফোরণে অন্তত ১০জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রুশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে হতাহতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। শহরটির পুরো রেল যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
সোমবার এ বিস্ফোরণ ঘটে। দেশটির জাতীয় অ্যান্টিটোরিজম কমিটি জানিয়েছে, ট্রেনটি টেকনোলজিচেস্কি ইনস্টিটিউট থেকে সেন্ট পিটার্সবার্গের সেনায়া প্লোশচাদ স্টেশনে আসছিল।
সেন্ট পিটার্সবার্গের এক বাসিন্দা আরটিকে জানান, তিনি মায়াকোভাস্কা যাওয়ার জন্য স্টেশনে ছিলেন। সতর্ক সংকেত বেজে ওঠার পরই নিরাপত্তারক্ষীরা স্টেশনের সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয়। লোকজনে সরে যেতে এবং আজ ট্রেনে যাতায়াত না করার জন্য বলেন।
আলেক্স নামের ব্যক্তি আরও জানান, বিস্ফোরণের পর লোকজনের চোখেমুখে ছিল আতঙ্ক। কারিগরি কারণে সবগুলো স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিহতদের প্রতি শোক জানিয়েছেন। তিনি বলেছেন, হামলার কারণ এখনও জানা যায়নি। তবে সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। সূত্র: আরটি।
/এএ/