সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণে হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

58e23fe4c36188073b8b4619রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি পাতাল রেলে বিস্ফোরণে হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিস্ফোরণের পর বলা হয়েছিল নিহতের সংখ্যা ১০। পরে তা সংশোধন করে বলা হয় ৯জন।

সেন্ট পিটার্সবার্গ গভর্নরের মুখপাত্র জানান, নিহতের সংখ্যা ১০ জন এবং আহতের সংখ্যা ৫০ জন।  পরে দেশটির জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কমিটি জানায় নিহতের সংখ্যা ৯ জন এবং বিস্ফোরণে আহত হয়েছেন ২০ জন।

আর বার্তা সংস্থা রয়টার্স রুশ স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আহতের সংখ্যা ৪৫ জন বলে জানিয়েছে।

টেকনোলজিচেস্কি ইনস্টিটিউট থেকে সেন্ট পিটার্সবার্গের সেনায়া প্লোশচাদ স্টেশনে আসার একটি ট্রেনে এ বিস্ফোরণ ঘটে।

সেন্ট পিটার্সবার্গের এক বাসিন্দা আরটিকে জানান, তিনি মায়াকোভাস্কা যাওয়ার জন্য স্টেশনে ছিলেন। সতর্ক সংকেত বেজে ওঠার পরই নিরাপত্তারক্ষীরা স্টেশনের সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয়। লোকজনে সরে যেতে এবং আজ ট্রেনে যাতায়াত না করার জন্য বলেন।

আলেক্স নামের ব্যক্তি আরও জানান, বিস্ফোরণের পর লোকজনের চোখেমুখে ছিল আতঙ্ক। কারিগরি কারণে সবগুলো স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিহতদের প্রতি শোক জানিয়েছেন। তিনি বলেছেন, হামলার কারণ এখনও জানা যায়নি। তবে সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। সূত্র: আরটি, বিবিসি, রয়টার্স।

/এএ/