রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, নিকট ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা তার নেই। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিউজ।
ইস্ট এশিয়া সামিটে যোগ দেওয়া পুতিনকে প্রশ্ন করা হয়েছিল শিগগিরই নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়ে। জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের এমন কোনও পরিকল্পনা নেই।
দুই মাস আগে সিরিয়ায় রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে আসছে পুতিনের প্রশাসন। ওই ঘটনার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত বৈঠকের চেষ্টা করে আসছেন।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, সিরিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্তের পর নেতানিয়াহুর সঙ্গে পুতিনের বৈঠক ছিল মাত্র ১০-১৫ মিনিটের। প্যারিসে একটি নৈশভোজে তারা মিলিত হয়েছিলেন। উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রবিবার নেতানিয়াহু প্যারিসে পুতিনের সঙ্গে বৈঠককে ভালো ও বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন। বিস্তারিত না জানালেও তিনি বলেন, আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করবো।