রাশিয়া ছাড়লেন পুতিনের সমালোচক নাভালনির মুখপাত্র

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক কারাবন্দি আলেক্সাই নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ রাশিয়া ছেড়ে চলে গেছেন। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই খবর জানিয়েছে।

তবে এই খবরের বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে কিরা ইয়ারমিশের কোনও মন্তব্য জানতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত কয়েক মাসে রাশিয়া ছেড়েছেন আলেক্সাই নাভালনির বেশ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের আগে নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনকে একটি আদালত বেআইনি ঘোষণার পর দেশ ছাড়তে শুরু করেন কারাবন্দি নাভালনির মিত্ররা।