বাড়ছে উত্তেজনা, ইউক্রেন দূতাবাসে কর্মী সংখ্যা কমালো রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আশঙ্কায় সৃষ্ট উত্তেজনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনের দূতাবাস থেকে কর্মী ফিরিয়ে নেওয়ার পর রাশিয়াও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। শনিবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেঙ্কো জানান, ইউক্রেনে রুশ দূতাবাস থেকে তাদের কয়েকজন কর্মীকে ফিরিয়ে আনা হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্দ্রেই রুডেঙ্কো বলেন, অবশ্যই ফিরিয়ে আনা হয়েছে। এর কারণ হলো আমাদের পশ্চিমা সহকর্মীরা হয়ত এমন কিছু জানেন যা আমরা জানি অথবা তারা এমন কিছুর প্রস্তুতি নিচ্ছেন যা সম্পর্কে আমাদের জানা নেই।

তিনি আরও বলেন, পরিস্থিতি অনুসারে, ইউক্রেনে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এমনকি ইউক্রেন বা তৃতীয় কোনও দেশের সম্ভাব্য উসকানি থেকেও কূটনীতিকদের রক্ষা এবং দেশে ফিরিয়ে আনার অধিকার আমাদের আছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমরা উপসংহারে পৌঁছেছি যে, মার্কিন ও ব্রিটিশ সহকর্মীরা ইউক্রেনে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়েছে তা গুরুতরভাবে আমাদের নিরাপত্তা লঙ্ঘন করতে পারে। ইউক্রেন বা তৃতীয় দেশের পক্ষ থেকে সম্ভাব্য উসকানির আশঙ্কায় আমরা কিয়েভ মিশন থেকে কিছু কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, রাশিয়া হয়ত অত্যাবশ্যক নন এমন কর্মীদের ইউক্রেনের কূটনৈতিক মিশন ত্যাগের নির্দেশ দিতে পারে। কারণ পশ্চিমাদের মনে কী আছে তা স্পষ্ট নয়।

সূত্র: আরটি