পূর্ব ইউক্রেনের মস্কো সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করে শুক্রবার এই আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও রুশ প্রেসিডেন্ট মিনস্ক শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।
শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, নিজেদের নিরাপত্তা দাবি নিয়ে ন্যাটো জোটের সঙ্গে আলোচনার সুযোগ অবারিত রাখতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটটি এবং ওয়াশিংটন এখন পর্যন্ত মস্কোর গুরুত্বপূর্ণ উদ্বেগ নিরসনে সম্পৃক্ত হতে আগ্রহী নয় বলে অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ওই সময়ে সংঘাত থামাতে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি সই হয়। রাশিয়া, ইউক্রেন এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এই তৃপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।
সূত্র: রয়টার্স