ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে রাশিয়াজুড়ে আইন অমান্যের ডাক দিয়েছে দেশটির কারারুদ্ধ বিরোধী নেতা আলেক্সি নাভালনির সমর্থকরা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টুইটারে দেওয়া পোস্টে নাভালনি টিম লিখেছে, ‘পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে, ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, অর্থাৎ আমাদের সবার দ্বারা দেশটি আক্রান্ত। কিন্তু এটা সঠিক নয়।’
টুইটে বলা হয়, ‘আমাদের অবশ্যই দেখাতে হবে যে, আমরা যুদ্ধ সমর্থন করি না। আমরা রাশিয়ানদের নাগরিক অবাধ্যতা দেখানোর আহ্বান জানাই। চুপ থাকবেন না।’
এদিকে রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক ধরপাকড় অব্যাহত রেখেছে দেশটির কর্তৃপক্ষ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় হাজার বিক্ষোভকারীকে আটক করেছে কর্তৃপক্ষ।
ওদিকে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় দুই ধনকুবের। তারা হলেন মিখাইল ফ্রিডম্যান এবং ওলেগ ডেরিপাস্কা। শীর্ষস্থানীয় রুশ ব্যবসায়ীদের মধ্যে তারাই প্রথম প্রতিবেশী দেশটিতে রাশিয়ার পূর্ণমাত্রার এই আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছেন।
মিখাইল ফ্রিডম্যান রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। দেশটির প্রাইভেট ইক্যুইটি ফার্ম লেটারওয়ান তিনি নিয়ন্ত্রণ করেন। এছাড়া তিনি রাশিয়ার বৃহত্তম বেসরকারি আলফা ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে লেখা এক মেইলে তিনি ‘রক্তপাত’ বন্ধের ব্যাপারে আওয়াজ তুলেছেন। তিনি লিখেছেন, ‘যুদ্ধ কখনও জবাব হতে পারে না।’
আরেক রুশ ব্যবসায়ী ওলেগ ডেরিপাস্কা নিজ প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে বলেছেন, ‘আমি একজন ব্যবসায়ী। রাশিয়া ও ইউক্রেনে কর্মরত আমার হাজার হাজার কর্মীর প্রতি আমার দায়িত্ব রয়েছে। তবে আমি নিশ্চিত যে যুদ্ধ কখনও জবাব হতে পারে না। জীবন দিয়ে এই সংকটের মূল্য দিতে হবে। এটি দুটি জাতির ক্ষতি করবে, যারা কয়েকশ বছর ধরে ভাই ভাই ছিল।’