নিষেধাজ্ঞার চাপে সিদ্ধান্ত পাল্টাবে না রাশিয়া: ক্রেমলিন

পশ্চিমা নিষেধাজ্ঞা ইউক্রেন নিয়ে রাশিয়ার অবস্থানে কোনও পরিবর্তন ঘটাতে পারবে না। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু হলেও দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক বা আলোচনার কোনও পরিকল্পনা আপাতত নেই।

বেসামরিক লক্ষ্যবস্তুতে রুশ সেনাবাহিনীর ক্লাস্টার ও ভ্যাকিউম বোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন পেসকভ। তিনি বলেছেন, এসব অভিযোগ ভুয়া।

ইউক্রেনে রুশ হামলার ষষ্ঠ দিনে রাশিয়ার সেনাবাহিনীর পরিস্থিতি সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানান তিনি। ক্রেমলিন ইউক্রেনে আক্রমণকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণের বিশেষ অভিযান বলে দাবি করে আসছে।

কিয়েভ নাৎসিদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ক্রেমলিন বিবেচনা করে কিনা জানতে চাইলে পেসকভ মন্তব্য করতে অস্বীকৃতি জানান।