ইউক্রেনে জয়ী হবে রাশিয়া: মস্কোর র‌্যালিতে পুতিন

মস্কোর এক ফুটবল স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবারের এই সমাবেশে ইউক্রেনে রুশ আগ্রাসনকে ন্যায্য বলে দাবি করেন তিনি। এই যুদ্ধে মস্কো বিজয়ী হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মস্কোর লুঝিনি স্টেডিয়ামে হাজার হাজার সমর্থক সমবেত হয়। রাশিয়ার পতাকা উড়িয়ে ‘রাশিয়া, রাশিয়া, রাশিয়া’ স্লোগান দিয়ে তারা দাবি করে, ক্রেমলিনের সব লক্ষ্যই অর্জিত হবে।

‘নাৎসিমুক্ত পৃথিবীর জন্য’, ‘আমাদের প্রেসিডেন্টের জন্য’ নানা স্লোগান লেখা মঞ্চ থেকে ৬৯ বছরের পুতিন বলেন, ‘আমরা জানি আমাদের কী করা প্রয়োজন, কিভাবে তা করতে হয় এবং এর মূল্য কী। আর আমরা অবশ্যই আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করবো।’

ইউক্রেনে রুশ বাহিনী মোটিফ হিসেবে ব্যবহার করা ‘জেড’ প্রতীক যুক্ত করেও স্লোগান দেয় বহু পুতিন সমর্থক। কোট পরিহিত পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া রুশ সেনারা ইউক্রেনে রাশিয়ার ঐক্য দেখিয়ে দিয়েছে।

পুতিন বলেন, ‘কাঁধে কাঁধ মিলিয়ে, তারা পরস্পরকে সাহায্য করছে, পরস্পরের পাশে দাঁড়াচ্ছে আর যখন প্রয়োজন পড়ছে তখন ভাইয়ের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে অন্যকে রক্ষা করছে। এই ধরনের ঐক্য আমাদের দীর্ঘকাল ছিল না।’

পুতিন বলেন ইউক্রেনে অভিযানের দরকার ছিল কারণ যুক্তরাষ্ট্র রাশিয়াকে হুমকি দিতে দেশটিকে ব্যবহার করছিল। আর ইউক্রেনের রুশ-ভাষী মানুষদের ‘গণহত্যা’ থেকে রক্ষার দায়িত্ব রাশিয়ার।

পুতিনের ভাষণের আগে মঞ্চে বেজে ওঠে রাশিয়ার জাতীয় সঙ্গীত। যুদ্ধ, আত্মত্যাগ এবং রাশিয়ার পক্ষে যুদ্ধরতদের সম্মান জানিয়ে গান পরিবেশন করে পুতিনের প্রিয় ব্যান্ড লিউবি। পড়া হয় কবিতা।

সূত্র: রয়টার্স