পুতিনের নতুন আইন

ইউক্রেনে হামলার পর থেকে নিজ দেশেও বেশ বেকায়দায় আছেন পুতিন। সেটা সামাল দিতে সময়ে সময়ে বেশ কঠোরও হতে হচ্ছে তাকে। বিশেষ করে নিজ দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে অতিদ্রুত বাক্সবন্দি করতে উঠেপড়ে লেগেছেন তিনি। প্রথম দিকে রুশ সেনাবাহিনী সংক্রান্ত খবর প্রচারে কড়াকড়ি ও শাস্তির বিধান যোগ করলেও শুক্রবার সই করলেন নতুন আরেক আইনে। যাতে বলা হয়েছে, বিদেশে থাকা কোনও রুশ কর্মকর্তার বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছাপলেই শাস্তি হবে ১৫ বছরের কারাদণ্ড।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানালো বিবিসি। ইন্টারফ্যাক্স আরও জানিয়েছে, মূলত রাশিয়ার দূতাবাস ও বিদেশে রুশ প্রতিষ্ঠানগুলো নিয়ে গুজব কিংবা ভুল তথ্যের প্রচার ঠেকাতে এমন একটি আইন জরুরি ছিল বলে মনে করেন রাশিয়ার আইনপ্রণেতারা। যার ধারাবাহিকতাতেই দেশটির গণমাধ্যমের ওপর এমন খড়গহস্ত হলেন পুতিন।