ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা অচলাবস্থায়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা অচলাবস্থায় পৌঁছে গেছে। মঙ্গলবার এক সপ্তাহের বেশি সময় পর প্রকাশ্য মন্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেছেন, তার সেনারা ইউক্রেনে জয়ী হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কিয়েভ থেকে সামরিক অভিযানের লক্ষ্য পূর্ব ইউক্রেনে সরিয়ে নেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দিলেন পুতিন। এই বক্তব্যে তিনি জানিয়েছেন, ইউক্রেনে অভিযানের মহৎ লক্ষ্য অর্জিত হবেই।

পুতিনের বক্তব্যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত উঠে এসেছে। তিনি বলেছেন, রাশিয়ার যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ ও পুরো ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে ইউক্রেন শান্তি আলোচনাকে ব্যাহত করেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা পুনরায় অচল অবস্থাজনক পরিস্থিতিতে ফিরে এসেছি।

ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য অর্জিত হবে কিনা জানতে চেয়ে রুশ মহাকাশ সংস্থার এক কর্মীর প্রশ্নের জবাবে পুতিন বলেন, অবশ্যই। এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।

তিনি বলেন, রাশিয়া ‘ছন্দবদ্ধও শান্তভাবে’ অভিযান চালিয়ে যাচ্ছে।

পুতিন দাবি করেছেন, পূর্ব ইউক্রেন রুশ ভাষাভাষীদের রক্ষা এবং মস্কোর শত্রুদের রুশবিরোধী প্রচারণার ক্ষেত্র হওয়া ঠেকাতে ইউক্রেনে আক্রমণ ছাড়া রাশিয়ার কোনও উপায় ছিল না।  

পশ্চিমারা নৃশংস সাম্রাজ্যবাদী স্টাইলে একটি সার্বভৌম দেশের ভূমি দখলের এই যুদ্ধের সমালোচনা করে আসছে পশ্চিমারা। ইউক্রেন বলছে, ২০১৪ সালে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার পর থেকে তারা টিকে থাকার জন্য লড়াই করছে। ২১ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।

বক্তব্যে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে পুতিন। বলেন, আমাদের শত্রুরা যেটির ওপর নির্ভর করেছিল তা কাজ করছে না।

বুচা শহরে যুদ্ধাপরাধের যে অভিযোগ ইউক্রেন ও পশ্চিমারা তুলেছে তা ভুয়া বলে উড়িয়ে দিয়েছে পুতিন।