পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, ক্রেমলিনের বার্তা ‘মস্কো আসুন’

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে আলোচনা চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট দফতরের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত এক খোলা চিঠিতে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের এই আহ্বান জানান জেলেনস্কি। থমকে থাকা শান্তি আলোচনাকে পুনরুজ্জীবিত করতে এই সরাসরি যোগাযোগ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

খোলা চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেন আপনাদেরএবং আমাদের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি। তিনি আরও বলেন, আলোচনা চলাকালীন ইউক্রেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

বিস্তৃত শান্তি চুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে সকল বন্দি বিনিময়েরও প্রস্তাব দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এই প্রক্রিয়াটিকে যুদ্ধ অবসানের একটি ‘ভালো সূচনা’ হিসেবে বর্ণনা করেন তিনি।

জেলেনস্কির এই চিঠির জবাবে ক্রেমলিন জানিয়েছে, জেলেনস্কি চাইলে মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করতে পারেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেলেনস্কি যেকোনও সময় মস্কো আসতে পারেন। তবে তিনি উল্লেখ করেন, চিঠিটি এখনও পুতিনকে দেখানো হয়নি।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে কিছু ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনও যদি একই ধরনের নমনীয়তা দেখায়, তবে মস্কোও ছাড় দিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সূত্র: উইয়ন নিউজ