‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড

রাশিয়ার উরাল অঞ্চলের শিল্পনগরী নিজনি তাগিলে ‘অ্যাডলফ হিটলার’ নাম ব্যবহার করে একটি রেস্তোরাঁয় পিৎজা অর্ডার দেওয়ার ঘটনায় ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়, টিমোফেই ভাখোনিন নামের ওই শিক্ষার্থীর বিরুদ্ধে নাৎসি প্রতীক প্রচার ও প্রসারের অভিযোগ এনেছে আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযুক্ত তরুণ একটি কনস্ট্রাকশন কলেজের ইলেকট্রিশিয়ান বিভাগের ছাত্র বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে নিজনি তাগিলের একটি শপিং সেন্টারে অবস্থিত ডোডো পিৎজার শাখায়। সভেরদলোভস্ক আঞ্চলিক আইনসভার সদস্য আলেক্সি সভালোভ টেলিগ্রামে জানান, তার এক পরিচিত যুদ্ধপ্রবীণ ব্যক্তি অর্ডার স্লিপে ‘অ্যাডলফ হিটলার’ নামটি দেখে ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন।

সভালোভের ভাষ্য অনুযায়ী, নামটি নিয়ে প্রশ্ন করা হলে ওই শিক্ষার্থী বলেন, আমি যুদ্ধের বিরুদ্ধে, আমি এটিকে সমর্থন করি না, এটাই আমার অবস্থান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ওই শিক্ষার্থী দাবি করেছেন তিনি নাৎসি নন এবং নাৎসি মতাদর্শের সমর্থকও নন। তিনি তার কাজের পরিণতি পুরোপুরি বুঝতে পারেননি বলেও জানান।

তদন্তের সময় কর্মকর্তারা তার ডেস্কে একটি ‘নিষিদ্ধ প্রতীক’ খুঁজে পান, যার ছবি তিনি তুলে একটি অনলাইন চ্যাট ফোরামে শেয়ার করেছিলেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শপিং সেন্টারে পিৎজা অর্ডারের সময় তিনি নিজেকে তৃতীয় রাইখের নেতার পরিচয়ে উপস্থাপন করেছিলেন। পাশাপাশি অনলাইনে এবং তার শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বস্তিকা বা নাৎসি প্রতীক প্রদর্শন করেছিলেন।

ঘটনার পরদিন পুলিশ কলেজ প্রাঙ্গণ থেকে ওই শিক্ষার্থীকে আটক করে। প্রতিবেদনে বলা হয়, আটক হওয়ার সময় তিনি কান্না সংবরণ করতে পারছিলেন না এবং তার কর্মকাণ্ডে আহত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সূত্র: উইয়ন নিউজ