ব্রিটিশ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে ইইউ: থেরেসা মে

থেরেসা মেইউরোপিয়ান রাজনীতিকরা ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফলকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, এর মধ্য দিয়ে তারা ব্রিটেনের জন্য হুমকি হয়ে উঠছেন। বেলজিয়ামে বৈঠকরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের ‘ব্রাসেলসের আমলারা’ উল্লেখ করে থেরেসা মে এ কথা বলেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পার্লামেন্ট ভেঙে দিতে বুধবার বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ-এর সঙ্গে দেখা করেন থেরেসা মে। এদিন মধ্যরাতে ব্রিটিশ সংসদ ভেঙে দেওয়া হয়।   

বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাতের পর ডাউনিং স্ট্রিটের বাইরে থেরেসা মে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে কেউ কেউ চায় না ব্রেক্সিট আলোচনা সফল হোক। 

থেরেসা মে জানান, গত কয়েক দিনের পরিস্থিতিতে দেখা গিয়েছে ব্রেক্সিট আলোচনা কত কঠিন হবে। তিনি বলেন, ইউরোপীয় পত্রিকাগুলোর খবরে ব্রিটেনের অবস্থান ভুলভাবে তুলে ধরা হয়েছে।  ইউরোপিয়ান রাজনীতিক ও কর্মকর্তারা ব্রিটেনের বিরুদ্ধে হুমকি তৈরি করছেন। আর এসব কিছুই করা হচ্ছে ৮ জুন সাধারণ নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য।

তিনি বলেন, ৮ জুনের নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের জন্য সর্বোত্তম চুক্তি করতে তাকে নিরলস কাজ করে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর যুক্তরাজ্যের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে না পারি, তাহলে এর পরিণাম হবে গুরুতর। সূত্র: বিবিসি।

/এএ/