করোনা মহামারিতে স্বাস্থ্যকর্মীদের জন্য কয়েক কোটি পাউন্ড তহবিল সংগ্রহকরে জাতীয় নায়কে পরিণত হওয়া ক্যাপ্টেন টম মুরকে নাইট উপাধিতে ভূষিত করবেন ব্রিটেনের রানি এলিজাবেথ। শুক্রবার নাইট বানানোর পর তিনি ‘স্যার টম’ হয়ে যাবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ক্যাপ্টেন টম নিজের বাগানে ১০০ চক্কর দিয়ে প্রায় ৩ কোটি ৩০ লাখ ব্রিটিশ পাউন্ড তহবিল সংগ্রহ করেন। তার জন্মদিন উপলক্ষে একটি ফ্রেমের সহযোগিতায় তিনি বাগান প্রদক্ষিণ করেন।
তার এই উদ্যোগ ব্রিটেনের জনগণের মন জয় করে। এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে এই উপাধির জন্য মনোনীত করেন।
এরই মধ্যে তাকে অনারারি কর্নেল ও ইংল্যান্ড ক্রিকেট দলের অনারারি সদস্যপদ দেওয়া হয়েছে। উইন্ডসর ক্যাসেলে তিনি ৯৪ বছরের রানির কাছ থেকে প্রাচীণ প্রশংসা গ্রহণ করবেন। মার্চ থেকেই রানি এলিজাবেথ এই প্রাসাদে অবস্থান করছেন।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নাইট প্রদান অনুষ্ঠানে শুধু টম মুরের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
টুইটারে টম মুর লিখেছেন, এমন অর্জনের কথা আমি কখনও ভাবিনি। এটি অনেক বড় সম্মান।
ব্রিটেনের রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রানির বাবা জর্জ ষষ্ঠ-এর একটি তলোয়ার ব্যবহার করা হবে নাইট প্রদান অনুষ্ঠানে।