কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে ২০৭০ সাল নাগাদ নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনাসহ পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আগেও অন্যান্য প্রধান দূষণকারী দেশগুলোর মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি ভারত। চীন, ইইউ’র পর বিশ্বের অন্যতম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ ভারত।
বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী চীন। ইতোমধ্যেই ২০৬০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জনের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এটি বিজ্ঞানীদের বেঁধে দেয়া লক্ষ্যের চেয়ে ১০ বছর পিছিয়ে।
এদিকে, সম্মেলনে ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে মোদির ঘোষণা কতটা বাস্তবায়ন হবে তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ এবারের কপ২৬ সম্মেলনে এর লক্ষ্য ধরা হয়েছে ২০৫০ সাল নাগাদ। সেই ক্ষেত্রে আরও ২০ বছর পিছিয়ে ভারতের পরিকল্পনা।
গ্লাসগোতে চলা সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার ও ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার পরিকল্পনায় বসেছেন বিশ্ব নেতারা। বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জন কতটা সম্ভব তা অনেকাংশে নির্ভর করে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী এই দেশগুলোর কর্মকাণ্ডের ওপর।